খাস কলকাতায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় অটোচালক

কলকাতায় এক নাবালিকার উপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বুধবার ফুলবাগান থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এক অটোচালক ১৪ বছরের ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে। শনিবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়। তারপরে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নির্যাতিতা তার ভাইকে মানিকতলায় একটি কোচিং সেন্টারে পৌঁছতে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময়ে ফুলবাগান ক্রসিংয়ের কাছ থেকে নাবালিকা একটি অটো ধরে। সেই অটোর পিছনের আসনে প্যাসেঞ্জার ভর্তি থাকায় অটোচালক নাবালিকাকে সামনের সিটে তার পাশে বসতে বলে।

পুলিশ সূত্রের খবর, নাবালিকা সামনে বসার পরেই তার উপরে অটোচালক নির্যাতন শুরু করে। অভিযোগ, অটোচালক নাবালিকাকে নানাভাবে বিরক্ত করতে থাকে। নাবালিকা আতঙ্ক ও ভয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপরে নির্যাতিতা বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের গোটা ঘটনাটি খুলে বলে। নির্যাতিতার কাছ থেকে গোটা বিষয়টি শুনে তার পরিবার থানায় ওই অটোচালকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।


সূত্রের খবর, পুলিশ অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্তে নেমে নির্যাতিতার সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।