রেজিনগর ছাড়ছেন হুমায়ুন, উপনির্বাচনে ছেলেকে প্রার্থী ঘোষণা

মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসন থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বৃহস্পতিবার রেজিনগরে আয়োজিত এক কর্মীসভা থেকে তিনি জানিয়েছেন, আগেই দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এই আসনটি ছেড়ে দেবেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আসন্ন উপনির্বাচনে তাঁর ছেলে গোলাম নবী আজাদকেই দলের প্রার্থী করা হবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদও। সভা মঞ্চ থেকেই হুমায়ুন জানান, রেজিনগরের মানুষের পাশে থেকে আগামী দিনে তাঁর ছেলে কাজ করবেন এবং দল তাঁকেই প্রার্থী হিসেবে সামনে আনছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের রাজনৈতিক দল গঠন করেন হুমায়ুন কবীর।

এবারের বিধানসভা নির্বাচনে তিনি নওদা ও রেজিনগর এই দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের ফল প্রকাশের আগেই তিনি জানিয়েছিলেন, দু’টি আসনেই জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী এবং জিতলে একটি আসন ছেড়ে দেবেন। ফল ঘোষণার পর দেখা যায়, নওদায় তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে প্রায় ২৮ হাজার ভোটে এবং রেজিনগরে আতাউর রহমানকে প্রায় ৫৯ হাজার ভোটে পরাজিত করেন হুমায়ুন। এরপরই রেজিনগর আসন ছাড়ার জল্পনা শুরু হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তিনি।