শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু দম্পতির

Photo: Statesman

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, হিমাচল প্রদেশ থেকে আপেল বোঝাই করে উত্তর ২৪ পরগনার বনগাঁর উদ্দেশে যাচ্ছিল একটি লরি। ওই দম্পতি সেই লরিতেই ছিলেন। লড়িটি নদিয়ার শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন এলাকায় আসতেই চালক নিয়ন্ত্রণ হারান। এরপরেই লরিটি সোজা সামনে থাকা অপর একটি লরিতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি লরির সামনের অংশ দুমড়ানো অবস্থায় দেখতে পান। এলাকার লোকজন গিয়ে দেখেন, লরির ভিতরে এক ব্যক্তি ও এক মহিলা আটকে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ। লরির সামনের অংশ কেটে ওই দম্পতির দেহ বের করে আনা হয়।


আরও পড়ুন: হাওড়ার বেলিলিয়াস রোডে জঙ্গি সন্দেহে পুলিশের জালে যুবক

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্ত লরিটিতে রেজিস্ট্রেশন নম্বর ছিল উত্তরপ্রদেশের। হিমাচল প্রদেশ থেকে আপেল নিয়ে বনগাঁর উদ্দেশে রওনা দিয়েছিল লরিটি। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, বাথনা ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনাগ্রস্ত লরিটি। তারপরে সেটি অন্য একটি লরিতে ধাক্কা মারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।