রাজ্যে শিল্প এবং বিনিয়োগ নিয়ে এলে তবেই বেকার যুবক-যুবতীদের চাকরি হবে। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির দরজা খুলতে হবে। এই কথা বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। রাজ্য বাজেটের সময়ও তাঁর মুখে শিল্পের কথা শোনা গিয়েছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শিল্পে জোর দিতে শুরু করেছে। এবার সেটারই যেন বাস্তবায়ন হতে চলেছে। শিল্প ও বড় লগ্নি টানতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎপরতা এবার বাস্তবায়িত হতে শুরু করেছে। গত ১১ মে নবান্নে প্রথম পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। তার ঠিক দু’মাসের মাথায় জুলাই মাসেই পশ্চিমবঙ্গে লগ্নি আসতে চলেছে। ডানকুনি থেকে হাওড়া হয়ে বাঁকুড়া-সহ নানা জায়গায় হতে চলেছে একাধিক নতুন কারখানার শিলান্যাস।
এদিকে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় কদিন আগেই বলেছেন, দ্রুত শিল্প এবং বিনিয়োগ আসতে চলেছে। শিল্পের জন্য নীতি তৈরি করা হয়েছে। আর শিল্প এলেই রাজ্যের বেকারত্ব কমে যাবে। এই আবহে আগামী ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহর হাত ধরে আমুল তাদের মেগা ডেইরি প্রজেক্টের সূচনা করতে চলেছে। আর তা হলেই বড় ধরণের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। পূর্ব ভারতে নিজেদের ব্যবসার পরিধি বৃদ্ধি করতে হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরি করতে চলেছে আমুল। সেটারই শিলান্যাস করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে আমূল এখানে কারখানা করলে সেটা দেখে আরও শিল্প-কলকারখানা আসবে বলে মনে করা হচ্ছে। তার উপর টাটা গোষ্ঠীর সঙ্গেও কথা হয়েছে রাজ্য সরকারের। সিঙ্গুরে টাটাদের ফিরিয়ে আনার কথা বারবার বলেছেন অর্থমন্ত্রী থেকে শুরু করে শিল্পমন্ত্রী সকলেই। সেখানে হাওড়ার সাঁকরাইলে এই প্ল্যান্ট চালু হলে বাংলার দুগ্ধ চাষীরা দুধের সঠিক এবং স্থায়ী দাম পাবেন। আর বিপুল পরিমাণ যুবক-যুবতীর সরাসরি কর্মসংস্থান এবং হাজার হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। যা রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তাছাড়া আগামী শনিবার হুগলির ডানকুনিতে লগ্নি করতে চলেছে। হোসিয়ারি জগতের অন্যতম বিজনেজ ম্যাগনেট লাক্স কোজি ডানকুনিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে তাদের নতুন অত্যাধুনিক কারখানা তৈরি করছে। এই প্রথম কোনও বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার ২৭ জুলাই বাঁকুড়ায় ১০ হাজার কোটির ইস্পাত কারখানা করতে চলেছে।
বাঁকুড়ার মেজিয়াতে বড় লগ্নির ঘোষণা করতে চলেছে নামী ইস্পাত সংস্থা শ্যাম স্টিল। সেখানে বিশাল ইস্পাত কারখানা গড়ে তোলা হবে। আর সেখানে শিলান্যাস অনুষ্ঠানে সশরীরে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিল্পমন্ত্রী তাপস রায়।