শিলিগুড়িতে মেগা আইনি প্রদর্শনীর প্রস্তুতি তুঙ্গে, উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রী

Police Security Measures Photo-SNS

দেশের আধুনিক বিচারব্যবস্থা এবং সম্প্রতি কার্যকর হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে সহজ এবং স্পষ্টভাষায় সচেতন করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে এক বিশাল আইনি প্রদর্শনী। ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক এই ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী উপলক্ষ্যে ২০ আগস্ট থেকেই উত্তরবঙ্গ সফরে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

পুরনো ভারতীয় দণ্ডবিধি (১৮৬০), ফৌজদারি কার্যবিধি (১৯৭৩) এবং ভারতীয় সাক্ষ্য আইন (১৮৭২)-এর স্থান নেওয়া নতুন তিন আইন—‘ভারতীয় ন্যায় সংহিতা (২০২৩)’, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (২০২৩)’ এবং ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (২০২৩)’-এর মূল বৈপ্লবিক পরিবর্তনগুলি সাধারণ নাগরিকদের সামনে তুলে ধরাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। স্বরাষ্ট্রমন্ত্রী ২১ আগস্ট সকালে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি বিএসএফ ও এসএসবির বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন এবং পরবর্তীতে কাওয়াখালি ময়দানে পৌঁছে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন। এই প্রদর্শনীতে তরুণ প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি, ইসলামপুর এবং দার্জিলিংয়ের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীদের মেলা প্রাঙ্গণে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াত সহজ করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে পুলিশ কো-অর্ডিনেটর মোতায়েন করা হয়েছে এবং বিশেষ বাস পরিষেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য প্রত্যেকদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সম্পূর্ণ বিনামূল্যে খোলা থাকবে। মেলায় আগত দর্শনার্থীদের নতুন আইনের নানা দিক সহজে বোঝাতে নির্দিষ্ট সময় অন্তর নাটক মঞ্চস্থ করা হবে এবং এলইডি স্ক্রিনে প্রদর্শিত হবে তথ্যচিত্র। এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়াতে আয়োজন করা হচ্ছে চিত্রাঙ্কন এবং বিশেষ আইনি কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।


হাইপ্রোফাইল এই আয়োজন ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সমগ্র শিলিগুড়ি ও কাওয়াখালি এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সিআরপিএফ, এসআইবি এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা যৌথভাবে ‘অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজোঁ’ বৈঠক শেষ করেছেন। বাগডোগরা বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত বিশেষ নজরদারি রাখা হচ্ছে। আইনি প্রদর্শনীর পাশাপাশি ২২ আগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকে সাংসদ রাজু বিস্তা, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ, পুরমন্ত্রী অমিত শাহ নিজে, পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোম্যান রাই, ভরত ছেত্রী, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সম্পাদক নিরজ জিম্বা সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই বৈঠক থেকে কী সমাধানসূত্র বের হয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।