কলকাতায় ঐতিহাসিক চিড়া-দধি মহোৎসবের সূচনা,কয়েকশো ভক্ত সমাগম

পাঁচশো বছরেরও বেশি প্রাচীন বৈষ্ণব ঐতিহ্যকে স্মরণ করে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে রবিবার, দক্ষিণ কলকাতায় সূচনা হল ‘কলকাতা চিড়া-দধি মহোৎসব’।  ঐতিহাসিক পানিহাটি চিড়া-দধি উৎসবের ৫১০তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন দক্ষিণ কলকাতায় ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের সামনে থেকে আরতি করে ও নারকেল ফাটিয়ে এই উৎসবের সূচনা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন,শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ সর্বত্র ছড়িয়ে পড়ুক।


ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন আরাধ্য ভগবান দাস বলেন, প্রায় ৫১০ বছর আগে গঙ্গার তীরে পানিহাটিতে শ্রীশ্রী নিত্যানন্দ প্রভুর নির্দেশে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে চিড়া ও দধির প্রসাদ বিতরণের আয়োজন করেছিলেন। সেই ঘটনাই বৈষ্ণব সমাজে ‘চিড়া-দধি মহোৎসব’ নামে সুপরিচিত।

ভক্তি, সেবা, সমতা এবং প্রসাদ বিতরণের এই অনন্য ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই কলকাতায় এই উৎসবের সূচনা করা হয়।
অনুষ্ঠানে ২০০-রও বেশি ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য পদযাত্রা, মহানগর-সংকীর্তন এবং সর্বসাধারণের জন্য বিনামূল্যে চিড়া-দধির প্রসাদ বিতরণ করা হয় জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে।

ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ও ট্রাস্টি সুমন্ত রুদ্র বলেন, ‘চিড়া-দধি মহোৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভালোবাসা, সেবা ও ভ্রাতৃত্ববোধের পাঁচশো দশ বছরের এক জীবন্ত ঐতিহ্য।’ আগামী দিনে এই অনুষ্ঠানকে আরও বড় আকারে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান।