১৪ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৪ মে, বৃহস্পতিবার।  ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এগজামিনেশন  বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৪ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।  সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে।

এরপর সকাল ১১টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই সহজেই ফল জানা যাবে। ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই পরীক্ষার্থীরা তাঁদের নিজ নিজ স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই কাউন্সিলের পক্ষ থেকে জানানো হবে।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই খাতা মূল্যায়নের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে। এর আগে কাউন্সিলের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছিলেন, প্রতি বছরের মতো এবারও নির্দিষ্ট সময়সূচি মেনেই ফল প্রকাশ করা হবে।


উল্লেখ্য, মাধ্যমিকের ফল প্রকাশের পরেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রচলন বজায় রাখা হয়েছে এ বছরও। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৮ মে, আর তার ঠিক এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল হাতে পাবেন পরীক্ষার্থীরা। যে সমস্ত ওয়েবসাইটে গিয়ে রেজ়াল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
https://result.wb.gov.in
 , http://wbresults.nic.inhttp://www.results.shiksha