অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের

বিদেশযাত্রা নিয়ে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানান, শুনানি হবে তালিকা মেনেই. দ্রুত শুনানির প্রয়োজন নেই।

চোখের সমস্যা জনিত কারণে বিদেশ যেতে চেয়ে গত মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য।  বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জিও জানান তাঁর আইনজীবী। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তার সেই আবেদন ফিরিয়ে দিলেন। ফলে আগামী দিনে তাঁর বিদেশযাত্রা  নিয়ে নতুন করে তৈরি হল  আইনি জটিলতা। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, শুনানি হবে তালিকা মেনেই, দ্রুত শুনানির প্রয়োজন নেই।

উল্লেখ্য, সই জালিয়াতি  মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার নোটিস পাঠিয়েছিল সিআইডি। সেই প্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্র তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিলেও কয়েকটি শর্ত আরোপ করেছিলেন। আদালতের নির্দেশে বলা হয়েছিল, তদন্ত চলাকালীন তিনি দেশের বাইরে যেতে পারবেন না।


আদালতের নির্দেশে নির্দিষ্ট দিনে ভবানী ভবনে সিআইডির সামনে হাজিরাও দিতে হয়েছিল তাঁকে। ফলে বর্তমানে কার্যকর থাকা সেই নির্দেশের মধ্যেই বিদেশযাত্রার অনুমতি চাওয়ায় নতুন করে আইনি জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে।

আবেদনে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছিলেন, চোখের চিকিৎসার প্রয়োজনেই তিনি এক সপ্তাহের জন্য বিদেশে যেতে চান। যদিও তাঁর বিরুদ্ধে চলা একাধিক মামলার মধ্যে উস্কানিমূলক বক্তব্য সংক্রান্ত মামলাতেও বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা রয়েছে।  সেই সমস্ত শর্তে শিথিলতা চেয়ে এদিন আবেদন জানান তিনি।

এর আগেও আদালতের অনুমতি নিয়ে বিদেশে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কয়লা পাচার মামলার প্রেক্ষিতে আদালত বিশেষ অনুমতি দিয়েছিল। এবারও চিকিৎসাজনিত প্রয়োজনের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানানো হয়।
আইনজীবীদের একাংশের মতে, চিকিৎসার প্রয়োজনীয়তা এবং তদন্তে সহযোগিতার বিষয়টি আদালত বিবেচনায় করে দেখতে পারে।

উল্লেখ্য, ২০২৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি।