শনিবার তৃণমূলের হয়ে প্রচারে হেমন্ত সোরেন

মমতা ও হেমন্ত সোরেন। ফাইল চিত্র

জঙ্গলমহলে রাজনৈতিক উত্তাপ বাড়াতে শনিবার বিশেষ প্রচারসূচি নিয়ে বাংলায় আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তিনি তাঁর প্রচার শুরু করবেন পুরুলিয়া জেলা থেকে। এদিন তৃণমূল প্রার্থীদের সমর্থনে পরপর তিনটি জনসভা করার কথা রয়েছে তাঁর।

সূত্র অনুযায়ী, প্রথম সভা হবে বান্দোয়ান বিধানসভা এলাকায়, যেখানে তিনি সমর্থন জানাবেন জেলা তৃণমূল সভাপতি রাজীবলোচন সোরেনকে। দ্বিতীয় সভা রয়েছে মানবাজারে প্রার্থী সন্ধ্যারানি টুডুর। তৃতীয় জনসভা হবে কাশীপুরে, যেখানে তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়ার সমর্থনে প্রচার করবেন তিনি।

জানা গিয়েছে, এই সফরে তাঁর সঙ্গে থাকতে পারেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। তিনটি সভাই অনুষ্ঠিত হবে বিভিন্ন ব্লকের খোলা ময়দানে, যেখানে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতির আশা করছে তৃণমূল নেতৃত্ব।


এই তিনটি কেন্দ্রেই আদিবাসী ভোটারদের সংখ্যা বেশি, বিশেষত বান্দোয়ান ও মানবাজার তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। তাই আদিবাসী ভোটব্যাঙ্ককে গুরুত্ব দিয়েই এই প্রচারসূচি সাজানো হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

তৃণমূলের মতে, ঝাড়খণ্ডে  জেএমএমের নেতৃত্বে সরকার গঠন আদিবাসী রাজনীতির এক বড় উদাহরণ। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই বাংলার আদিবাসী ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছে শাসকদল।

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ‘ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে তা পূরণ না করার’ অভিযোগও এই প্রচারের অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে বলে মনে করা হচ্ছে। আদিবাসী মানুষজনদের কাছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর মাধ্যমে তুলে ধরাকে তৃণমূলের রাজনৈতিক কৌশল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।