রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা, একসঙ্গে পাঁচজনের মৃত্যু ঘিরে তুমুল আলোড়ন

Raiganj Road Accident Photo-SNS

ভয়াবহ পথ দুর্ঘটনায় একসঙ্গে পাঁচজনের মৃত্যু হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে একজন। শুক্রবার সূর্যের উদয় হওয়ার আগেই জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মালদহগামী মুরগি বোঝাই একটি ছোট লরি সরাসরি ধাক্কা মারে একটি ট্রেলারের পিছনে। আর তার জেরে রক্তগঙ্গা বয়ে যায় জাতীয় সড়কে। রায়গঞ্জের ভিটি এলাকায় এই ঘটনায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। মর্মান্তিক এই পথ ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে মাড়াইকুরা গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই গাড়ি। ওই পথ দুর্ঘটনায় সোহেল আখতার (৪৫), সায়েম আখতার (১৬), রমজান মোমিন (২৯), হাসনাত আলি (১৬) এবং মহম্মদ মোস্তাফার (১৮) মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেমন করে এই ঘটনা ঘটল সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই পথ দুর্ঘটনার পর তড়িঘড়ি সকলকে স্তানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলা মুরগি বোঝাই একটি ছোট লরি মালদহের দিকে যাচ্ছিল। আর তখন রায়গঞ্জ শহর লাগোয়া ভিটি এলাকায় আসতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার জেরে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। ওই বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সেখানে আসতেই উদ্ধারকাজে গতি আসে। দুর্ঘটনাগ্রস্তদের সকলকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। মৃতদের প্রত্যেকেই মালদহ জেলার কালিয়াচকের বাসিন্দা।


তাছাড়া বালি বোঝাই ট্রাকটির জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ার জেরে সেটি ওখানে দাঁড়িয়েছিল বলে পুলিশের দাবি। পথ দুর্ঘটনায় বেশকিছু মুরগিও মারা গিয়েছে। আর মুরগির ট্রাকের চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘুমিয়ে পড়ার জেরেই দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে বলে অনুমান পুলিশের। এত জোরে এই দুর্ঘটনাটি ঘটেছে যে লরিটি দুমড়ে-মুচড়ে যায়। মৃতরা সকলে মুরগির ট্রাকের যাত্রী। তাদের মধ্যে দু’জন নাবালক রয়েছে।