কলকাতার বুকেই রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত শেষ বাসস্থান। সেই বাড়িটিই এবার কিনতে চান নাতনি মিষ্টি কাজি। ফ্ল্যাটটি কেনার আর্জি নিয়ে পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডের সঙ্গে তিনি দেখা করেছেন।
জানা গিয়েছে, কলকাতায় নজরুল ইসলামের নিজস্ব কোনও বাড়ি ছিল না। ১৯২০ সাল থেকে দীর্ঘ সময় শহরের বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে থেকেছেন কবি। তার মধ্যে অন্যতম ছিল সিআইটি আবাসনের ৫এ, ক্রিস্টোফার রোডের একটি ফ্ল্যাট। সেই ফ্ল্যাটটি প্রায় ৭০০ বর্গফুটের ওই ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কলকাতায় সেটিই ছিল তাঁর শেষ বাসস্থান।
কবির সেই স্মৃতি বিজড়িত ফ্ল্যাটটি কিনতে চান নাতনি মিষ্টি কাজি। তিনি নজরুলের পুত্র প্রয়াত কাজী সব্যসাচীর মেয়ে। জানা গিয়েছে, ফ্ল্যাটটির একটি ঘর নজরুলের ব্যবহৃত আসবাব ও স্মৃতিচিহ্ন দিয়ে সাজিয়ে রাখতে চান তিনি। অন্য ঘরে নিজে থাকবেন। এর পাশাপাশি সেখানে সাহিত্য ও সংস্কৃতি চর্চারও তিনি আয়োজন করতে চান।
মিষ্টি কাজি জানিয়েছেন, ছোটবেলায় ওই ফ্ল্যাটেই তাঁদের বড় হয়ে ওঠা। কিন্তু তখন বুঝতে পারেননি, তাঁদের পরিবারের সদস্যরা কত বড় মাপের মানুষ। পরে তাঁর সেই উপলব্ধি হয়েছে। তাঁর কথায়, ভারতে নজরুলের শেষ ঠিকানা ছিল এই ফ্ল্যাট।সেখান থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন।তাঁর থাকার জন্য বড় বাড়ির ব্যবস্থা করা হয়েছিল।
মিষ্টি দেবী আরও জানান, এই ফ্ল্যাটে তাঁর বাবা কাজী সব্যসাচীর কিছু করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতেই তাঁরা উদ্যোগী হয়েছেন। ফ্ল্যাটটি কিনে সেখানে প্রতি বছর নজরুলের স্মৃতিতে অনুষ্ঠানের আয়োজন করতে চান তাঁরা।
এদিন তাঁর সঙ্গে ছিলেন ‘অগ্নিবীণা’ সংগঠনের সভাপতি রবীন মুখোপাধ্যায়। তিনি জানান, নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ এই বাড়ি থেকেই প্রকাশিত হয়েছিল। সেখানে বহু সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্ট মানুষের আনাগোনা ছিল।
এমন ঐতিহাসিক বাড়ির মালিকানা কবির পরিবারের হাতে নেই, তা আক্ষেপের বিষয়। তাই ফ্ল্যাটটি কিনে সেখানে কবির স্মৃতি সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা।