সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মীদের আচরণবিধি আরও কঠোর করতে বড় পদক্ষেপ করল নবান্ন। এবার থেকে সরকারি অনুমতি ছাড়া সংবাদমাধ্যম বা সমাজ মাধ্যমে কোনও ধরনের মন্তব্য বা মতামত প্রকাশ করা যাবে না। বুধবার এই সংক্রান্ত প্রথম নির্দেশিকা জারি হয়। সেই নির্দেশিকা জারি হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০ মে কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় অল ইন্ডিয়া সার্ভিসের আধিকারিক  অর্থাৎ আইএএস ও আইপিএস অফিসারদের পাশাপাশি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মীদের জন্য কঠোর আচরণবিধি কার্যকর করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল, সরকারের অনুমতি ছাড়া কোনও কর্মী সংবাদমাধ্যম বা সমাজ মাধ্যমে  সরকারি বিষয় নিয়ে মন্তব্য করতে পারবেন না।

এর পরদিন, ২১ মে নতুন মেমোরেন্ডাম জারি করে এই নিয়মের আওতা আরও বাড়ানো হয়। এবার থেকে রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত বোর্ড, কর্পোরেশন, সরকারি সংস্থা, আন্ডারটেকিং এবং স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মী ও আধিকারিকদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ প্রযোজ্য হবে।


প্রশাসনিক মহলের মতে, এতদিন বিভিন্ন স্বশাসিত সংস্থা বা বোর্ডের কর্মীরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে সংবাদমাধ্যম বা সমাজ মাধ্যমে মত প্রকাশ করতে পারতেন। নতুন নিয়ম কার্যকর হওয়ায় সিইএসসি, পুরনিগম, পরিবহণ নিগম কিংবা বিভিন্ন উন্নয়ন পর্ষদের কর্মীরাও আর অনুমতি ছাড়া প্রকাশ্যে মতামত জানাতে পারবেন না।

নবান্নের এই সিদ্ধান্ত প্রশাসনের সর্বস্তরে তথ্য ফাঁস রোধ এবং শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে কর্মীদের নতুন নিয়ম সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।