অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে বাড়ি বাড়ি যাবেন সরকারি প্রতিনিধিরা, জানালেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে ফের একবার সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে বিধাননগরের হাসপাতালে সার্ভিক্যাল ক্যানসারে টীকাকরণ কর্মসূচিতে গিয়েছেন শুভেন্দু। সেখান থেকে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেবেন না। যোগ্য সকলেই এই প্রকল্পের টাকা পাবেন বলে জানান তিনি।

নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করা হয়েছে। ১১ পাতার একটি ফর্ম সরকারের তরফে প্রকাশ করা হয়েছে। তাতে জমির কাগজপত্র থেকে শুরু করে পরিবারের সকলের ব্যাঙ্কের নথি, যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। অন্নপূর্ণার ফর্ম জটিল বলে অনেকেই মনে করছেন। সহজে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না বলে অনেকেই দাবি করছেন। এ নিয়ে একাংশের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে.

শুভেন্দু এদিন বলেন, ‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূর্ণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবে না।‘ তিনিও আরও বলেন, ‘আমরা চাই প্রকৃত প্রাপক টাকা পান। অভারতীয় বা পুরুষ কেউ এই টাকা যাতে না পান, সেটাই আমরা নিশ্চিত করব।‘


গেরুয়া শিবিরের ইস্তাফার বা সংকল্পপত্রে অন্যতম প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি পালন করা তাঁর সরকারের দায়িত্ব। অন্নপূর্ণা যোজনাতেও তার অন্যথা হবে না। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আয়কর দিলে বা সরকারি চাকরি করলে, নিয়মিত বেতন বা পেনশন পেলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে ইতিমধ্যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বস্ত করেছেন। এবার মুখ্যমন্ত্রীও ফর্ম নিয়ে সংশয় দূর করলেন।