তীর্থযাত্রী ও পর্যটকদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে মায়াপুর ইস্কন থেকে সরাসরি উত্তরবঙ্গের দু’টি গুরুত্বপূর্ণ রুটে সরকারি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। মঙ্গলবার মায়াপুর ইস্কন প্রাঙ্গণ থেকে ‘মায়াপুর ইস্কন–বালুরঘাট বাসস্ট্যান্ড’ এবং ‘মায়াপুর ইস্কন–শিলিগুড়ি ইস্কন’ পর্যন্ত এই দু’টি রুটের বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসি-র বহরমপুর ডিভিশনাল হেড দিব্যেন্দু আচার্য, নবদ্বীপ ব্লকের বিডিও সুপ্রিয় ভট্টাচার্য, মায়াপুর ইস্কনের অন্যতম কো-ডিরেক্টর হৃদয় চৈতন্য প্রভু সহ বহু ভক্ত ও সাধারণ মানুষ।বাস পরিষেবার সূচনা করে এনবিএসটিসি আধিকারিক দিব্যেন্দু আচার্য জানান, যাত্রীদের সুবিধার্থে আগামী দিনে এই রুটগুলিতে এসি বাস পরিষেবা চালু করারও পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম, কাউন্সিলর ক্লাবে সাভারকরের ছবি
পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৬:০০টায় মায়াপুর থেকে বাস দু’টি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবে। এই রুটের নির্ধারিত ভাড়া ৩৭৮ টাকা। মায়াপুর ইস্কন– বালুরঘাট বাসস্ট্যান্ড। প্রতিদিন সকাল ৮:০০টায় মায়াপুর থেকে রওনা দেবে। এই রুটের নির্ধারিত ভাড়া ২৬৫ টাকা। সরকারি নিয়ম মেনে এই দু’টি বাসেই মহিলা যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা থাকছে।
নতুন এই সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ইস্কন কর্তৃপক্ষ। মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এই পরিষেবায় সন্তোষ প্রকাশ করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি, আন্তর্জাতিক এই তীর্থক্ষেত্রের পর্যটন শিল্পের সার্বিক বিকাশের স্বার্থে আগামী দিনে অন্যান্য যোগাযোগ ও পরিবহণ পরিষেবা আরও দ্রুত সম্প্রসারণ করার জন্য তিনি সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=TMgwE53zhDttOvOu” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>