উচ্চমাধ্যমিকে ফের এগিয়ে ছাত্রীরা, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

প্রকাশিত হল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার  ফলাফল। এবারও পাশের হারে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। উপস্থিত ছিলেন সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিকও।

এবার উচ্চমাধ্যমিকে মোট পাশের হার ৯১.২৩ শতাংশ। তার মধ্যে ছাত্রীদের পাশেরহার ৯২.৪৭  শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ। যদিও মেধাতালিকায় যে ৬৪ জন জায়গা  পেয়েছেন তাঁদের মধ্যে ছাত্রসংখ্যা ৫৬ জন এবং ছাত্রীদের সংখ্যা ৮ জন।  পরীক্ষা শেষ হওয়ার প্রায়  ৭৬ দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। তাঁদের মধ্যে সফল হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। ট্রান্সজেন্ডার একজন পরীক্ষার্থীও এ বছর পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

জেলার ভিত্তিতে ছাত্রীদের পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৪.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে হাওড়া, পাশের হার ৯৩.৮৪ শতাংশ। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা (৯৩.৭১ শতাংশ), হুগলি (৯৩.৪১ শতাংশ) এবং দক্ষিণ ২৪ পরগনা (৯৩.১১ শতাংশ)। কলকাতায় পাশের হার ৯১.৮৮ শতাংশ।


এদিন সকাল ১১টা থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পেরেছেন। সরকারি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ফল জানা গিয়েছে। একই দিন স্কুল থেকেও মার্কশিট  সংগ্রহ করতে পেরেছেন ছাত্রছাত্রীরা। এবারের মার্কশিটে থাকছে পরীক্ষার্থীর ছবি, কিউআর কোড এবং পার্সেন্টাইল। পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী, কেউ পাশ করেও ফল আরও ভালো করতে চাইলে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তার জন্য অনলাইনে আবেদন করতে হবে।