সোমবার গঠিত হতে চলেছে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা। লোকভবনে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার এক্স হ্যান্ডলে, ‘ পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রীসভার সম্প্রসারণের উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকালে ১১টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপালে শ্রী আর এন রবি মহোদয় তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।‘
গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে জুন মাসের প্রথম দিনেই এই প্রক্রিয়া হচ্ছে। বর্তমানে পাঁচ জন বিধায়ক এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্ত্রীসভার কাজ চলছে। আগামীকাল ৩৫ জন বিধায়ক শপথ নিলে মন্ত্রীসভার মোট সদস্যসংখ্যা হবে ৪১ জন।
সাংবিধানিক বিধি অনুযায়ী, যে কোনও রাজ্যের বিধানসভার মোট সদস্যসংখ্যার ১৫ শতাংশের বেশি মন্ত্রী হওয়ার নিয়ম নেই। ২৯৪ সদস্যের বিধানসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী হতে পারে। সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের পরই মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করবেন বলে মনে করা হচ্ছে। বিজেপির ২০৮ জন বিধায়কের মধ্যে কারা কারা মন্ত্রী হচ্ছেন সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।