এবার থেকে ‘মা ক্যান্টিন’-এর নাম হল ‘মা আহার’

বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফাইল চিত্র

বদলে গেল ‘মা ক্যান্টিন’-এর নাম। নতুন নামকরণ করা হল ‘মা আহার’। সেই সঙ্গে এই প্রকল্পে ভর্তুকি আরও বাড়ানো হবে বলেও সরকারের তরফে জানানো হয়েছে। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘মা ক্যান্টিন’ প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের অধীনে ৫ টাকায় ডিম-ভাত খেতে পারতেন সাধারণ মানুষ। বুধবার এই প্রকল্পের নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাবার সরবরাহকারী কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

বুধবার অর্থাৎ আজ নবান্নে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ১১০টি নতুন কেন্দ্র চালু করা হবে। নবান্নের বৈঠকের পর দিলীপ ঘোষ বলেন, বর্তমানে ৫ টাকায় খাবার পাওয়া যায় ৩৯০টি কেন্দ্রে। নতুন ১১০টি কেন্দ্র যুক্ত হলে মোট কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০০-তে।

তিনি বলেন, “আগে মা ক্যান্টিন প্রকল্পের আওতায় ৩৯০টি স্থানে ৫ টাকায় খাবার পাওয়া যেত। এবার আরও ১১০টি নতুন কেন্দ্র চালু করা হবে। ফলে কেন্দ্রের সংখ্যা হবে ৫০০। ভবিষ্যতে এই প্রকল্পের নাম হবে ‘মা আহার’।“


উল্লেখ্য, মা ক্যান্টিন প্রকল্পটি ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন তৃণমূল সরকারের উদ্যোগে চালু করা হয়েছিল। শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছে স্বল্পমূল্যে রান্না করা খবার পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের লক্ষ্য।