বিনা পয়সায় রোগীর চিকিৎসাই তৃণমূলের ডাক্তার প্রার্থীর প্রচারের চাবিকাঠি

কল্যাণী বিধানসভা এলাকায় এক অন্যরকম নির্বাচনী জনসংযোগের ছবি ধরা পড়ল। টেবিলে সাজানো স্টেথোস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র ও প্রয়োজনীয় ওষুধ—তার মধ্যেই বসে প্রেসক্রিপশন লিখছেন ডাক্তারবাবু। চিকিৎসার আশায় ভিড় করছেন গ্রামের মানুষ। সকাল থেকেই লম্বা লাইন পড়ছে। এভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী ডা. অতীন্দ্রনাথ মণ্ডল।

যেখানে অন্য প্রার্থীরা রঙিন প্রচারে ব্যস্ত, সেখানে তিনি বেছে নিয়েছেন একেবারে ভিন্ন পথ। হেঁটে হেঁটে গ্রামে ঘুরে মানুষের খোঁজখবর নিচ্ছেন, শুনছেন তাঁদের সমস্যার কথা, আর পাশাপাশি করে দিচ্ছেন প্রাথমিক চিকিৎসা। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে প্রত্যন্ত এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। প্রার্থী হওয়ার পরেও সেই অভ্যাস বদলায়নি।

এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চিকিৎসক জায়গা পেয়েছেন, যার মধ্যে কল্যাণীও অন্যতম। প্রচারের ফাঁকেই প্রতিদিন প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করছেন তিনি, সঙ্গে দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধও। স্থানীয়দের কথায়, সাধারণ জ্বর-সর্দি-কাশির চিকিৎসার পাশাপাশি যদি কারও গুরুতর অসুখ ধরা পড়ে, তাহলে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থাও করে দেন এই চিকিৎসক-প্রার্থী।


ডা. অতীন্দ্রনাথ মণ্ডল জানান, ছোটবেলা থেকেই মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ করেই এখন সমাজের বৃহত্তর পরিসরে কাজ করতে রাজনীতিতে আসা। মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর প্রধান শক্তি। তিনি আশাবাদী, নির্বাচনে জয়ী হয়ে কল্যাণীর মানুষের সেবায় আরও বড় ভূমিকা পালন করতে পারবেন।