রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার কয়েকটি জুটমিল খুলেছে। এবার গঙ্গার পশ্চিম পাড়ে হুগলি জেলাতেও খুলতে চলছে বন্ধ থাকা ৪টি জুটমিল। জানা গিয়েছে, রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে চন্দননগরের গোন্দলপাড়া, শ্রীরামপুরের ইন্ডিয়া, এবং রিষড়ার হেস্টিংস ও ওয়েলিংটন জুটমিল খুলতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ জুলাই থেকে এই চারটি জুটমিল চালু হবে। মিল খোলার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে। অনেকেই আশা করছেন, জেলায় বন্ধ থাকা অন্য জুটমিলগুলিও ধীরে ধীরে খুলবে।
শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘সরকার জুট শিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ১০ জুলাই হুগলি জেলায় চারটি জুটমিল খুলে যাবে। নিশ্চিতভাবেই শ্রমিকদের মুখে হাসি ফুটবে। পাশাপাশি আমরা মালিকদের কাছে জুটমিলের শ্রমিক মহল্লাগুলিরও উন্নয়নে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। মিল, কলকারখানা ভালোভাবে চালাতে আগামিদিনে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’
উল্লেখ্য, বিধানসভা ভোটের কিছুদিন আগে বন্ধ হয়েছিল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। এই জুটমিলে প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করতেন। প্রমোদ মণ্ডল নামে গোন্দলপাড়া জুটমিলের এক শ্রমিক বলেছেন, এই মিল বছরে ছয় থেকে সাত মাস বন্ধ থাকে। আশা করি, নতুন সরকারের আমলে সেই সমস্যা মিটবে। এই সরকারের প্রতি আমাদের ভরসা আছে।
একই অবস্থা ইন্ডিয়া, হেস্টিংস, ওয়েলিংটনের মতো জুটমিলগুলিরও। চলতি বছরের জানুয়ারি মাসে বন্ধ হয়েছিল শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল। এই মিলে প্রায় ২ হাজার শ্রমিক ছিলেন। রিষড়ার হেস্টিংস জুটমিল বন্ধ হয় জুনের শুরুতেই। এই মিলেও শ্রমিকের সংখ্যা ৪ হাজারের বেশি। রিষড়ার আর এক কারখানা ওয়েলিংটন জুটমিল বন্ধ হয়েছিল চার মাস আগে। এখানেও প্রায় আড়াই হাজার শ্রমিক ছিলেন। এদিকে গোন্দলপাড়া জুটমিলের এক ম্যানেজার শুভেন্দু পাল জানিয়েছেন, বর্তমানে মিলের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তবে মিল কবে খুলবে সেটা তিনি নিশ্চিত করে বলতে পারবেন না। কারণ তাঁর কাছে এ ব্যাপারে এখনও কোনও নির্দেশ আসেনি।
বাম শ্রমিক সংগঠন সিটুর তরফে রাজ্যের বন্ধ থাকা সব কারখানা খোলার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। তাদের দাবি, মিল, কলকারখানা বন্ধ থাকার ফলে শ্রমিকরা নিদারুণ সমস্যায় রয়েছেন। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের উদাসীনতার কারণেই জুটমিল-সহ বিভিন্ন কল-কারখানাগুলি বন্ধ হয়েছে। জুটমিল খোলার পাশাপাশি সেগুলি যাতে ফের বন্ধ না হয় তার জন্য ব্যবস্থা নিক রাজ্যের নতুন সরকার।