বেলেঘাটা এলাকায় ত্রাস হিসেবে পরিচিত রাজু নস্করের ঘনিষ্ঠ চার সহযোগী গ্রেপ্তার। কলকাতা পুলিশের গুন্ডাদম শাখার হাতে গ্রেপ্তার ওই চার ঘনিষ্ঠ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, শ্যামপুকুর থানায় দায়ের হওয়া একটি অস্ত্র আইনের মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাদের।
ধৃতদের নাম শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিক। চার জনই বেলেঘাটা এলাকার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, তাদের বিরুদ্ধে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত রাখা এবং অস্ত্র কেনাবেচার চেষ্টার অভিযোগ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৫(১)(এ) এবং ২৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের দীর্ঘদিন ধরেই রাজু নস্করের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বেলেঘাটা এলাকায় রাজুর প্রভাব বিস্তার এবং বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় ভূমিকার অভিযোগও রয়েছে। উল্লেখ্য রাজু নস্কর স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি প্রোমোটিং ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন বলে খবর। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তাঁর সঙ্গে দলের কয়েকজন প্রভাবশালী নেতার যোগাযোগ ছিল।
গত ফেব্রুয়ারি মাসে বেলেঘাটার এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে রাজু নস্করকে গ্রেপ্তার করেছিল লালবাজারের গুন্ডদমন শাখা এবং বেলেঘাটা থানার পুলিশ। সেই ঘটনার পর তাঁর বিরুদ্ধে নির্মীয়মাণ কয়েকটি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠে। প্রশাসনের তরফে তাঁর একটি নির্মীয়মাণ বহুতলেও বুলডোজার অভিযান চালানো হয়েছিল।
পরবর্তীতে আদালত থেকে জামিন পাওয়ার পর রাজু নস্করকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে তিনি কার্যত অন্তরালে ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। এরই মধ্যে তাঁর চার ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তারিকে ঘিরে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।