বালি কাণ্ডে পুলিশের জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক

প্রতীকী চিত্র

পুলিশের জালে এবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুজয় হাজরা। বালি খাদান কেলেঙ্কারির ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। খড়গপুর টাউন থানায় দায়ের হওয়া একটি মামলায় পুলিশ প্রথমে অনিতেশ পড়িয়া ও কৃষ্ণেন্দু ঘোষ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃতরা কেশিয়াড়ি থানা এলাকায় একটি অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্ত ছিলেন। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও দায়ের করা হয়।

অনিতেশ এবং কৃষ্ণেন্দুর কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ কেশিয়াড়ির মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্পনা শিটকে গ্রেপ্তার করে। কল্পনাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, অবৈধ বালি খাদান থেকে মেদিনীপুর সাংগঠনিক জেলার তৎকালীন সভাপতি সুজয় হাজরা নিয়মিত মোটা অঙ্কের টাকা নিতেন।

পুলিশ সূত্রের খবর, কল্পনার বেলদার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ২ লক্ষ ৭৭ হাজার ৮০০ টাকা, মোবাইল, ব্যাঙ্কের পাস বই বাজেয়াপ্ত করেছে। তল্লাশি চলাকালীন কল্পনা সংবাদমাধ্যমের কাছে সুজয় হাজরা-সহ পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক বিধায়কের গ্রেপ্তারি দাবি করেন। এরপরই পুলিশ সুজয়কে গ্রেপ্তার করে।


পুলিশের কাছে কল্পনা শিটের দেওয়া বয়ান অনুযায়ী অবৈধ বালি খাদানের সঙ্গে একাধিক তৃণমূল নেতা যুক্ত ছিলেন। যার অন্যতম মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। শনিবার অনিতেশ, কৃষ্ণেন্দু ও কল্পনাকে খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।