দুর্গাপুজোর সময় শুরু হওয়া বামেদের বইয়ের স্টলে হামলার ধারাবাহিকতা বজায় থাকল কালীপুজোতেও। রাজ্যের নানা প্রান্তে বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সোমবার সেই আঁচ পৌঁছল বাঁকুড়ায়। সিপিএমের অভিযোগের তির সরাসরি বিজেপির দিকে। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। শারীরিক হেনস্থার পাশাপাশি প্রৌঢ়া ওই সিপিএম নেত্রীর মোবাইল ছুঁড়ে ভেঙে দেয় হামলাকারীরা বলে অভিযোগ। সোমবার এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। আঙুল উঠেছে বিজেপি ও আরএসএসের দিকে। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
এদিকে কালীপুজো উপলক্ষ্যে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকায় সিপিএমের জেলা পার্টি অফিসের ঠিক সামনে একটি বুকস্টল করেছিল এসএফআই। রবিবার থেকে এই স্টল চালু হয়েছিল। আর সোমবার দুপুরে হঠাৎই চারজন যুবক ওই স্টলে চড়াও হয় বলে অভিযোগ। স্টলে থাকা বই এবং প্রয়াত ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর ছবি মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তখন স্টলের সামনেই উপস্থিত ছিলেন সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী দেবলীনা এবং অন্যান্যরা। সুদীপ্ত গুপ্তর ছবি খুলে ফেলে তাতে লাথি মারা হয় বলে অভিযোগ। তখন হামলাকারীদের বাধা দিতে যান বাম জমানায় রাজ্যের মন্ত্রী তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা। কিন্তু হামলাকারীরা তাঁকেও শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ।
অন্যদিকে লালপার্টির তরুণ কর্মীদের উপর হামলা হতে দেখেই দ্রুত প্রতিবাদে এগিয়ে যান দেবলীনা। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন ধস্তাধস্তির মাঝেই প্রাক্তন মন্ত্রীর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ফেলে দেওয়া হয় এবং তাঁকে লক্ষ্য করে চড়াও হয় হামলাকারীরা বলে অভিযোগ। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। এসএফআইয়ের পক্ষ থেকে অভিযোগ, দুপুর ২টো নাগাদ বুকস্টলে হাতেগোনা কর্মী বসেছিলেন। তখন ‘বিজেপি এবং আরএসএসের’ লোকজন গিয়ে তাঁদের গালাগালি করেন। প্রতিবাদ করলে বুকস্টলের চেয়ার-টেবিল ভেঙে দেন হামলাকারীরা। মুহুর্তে পুরো বুকস্টল ভেঙে দেওয়া হয়।
তাছাড়া গোলমালের সময় দেবলীনা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আসেন। আর বাধা দিতে গিয়ে হামলাকারীদের হেনস্থার শিকার হন। এই ঘটনা নিয়ে দেবলীনা হেমব্রম বলেন, ‘আমরা পার্টি অফিসে বসেছিলাম। হঠাৎ গোলমালের শব্দ পেয়ে বেরিয়ে দেখি, কয়েকটা ছেলে আমাদের ছেলেদের বই ফেলে দিচ্ছে। তারা হুমকি দেয় যে এখান থেকে স্টল তুলে নিতে হবে। কারণ এখানে বিজেপির সরকার। আমরা প্রতিবাদ জানিয়ে বলি, আমরা রাস্তার ধারে বসেছি, কারও কোনও অসুবিধা করছি না। যার জায়গা, তাঁর অনুমতি নিয়েই এই স্টল করা হয়েছে। কিন্তু ওরা কথা না শুনে আবার বই ফেলে দেয়। আমাদের কমরেডদের মারধর করা হচ্ছিল। আমি সেখানে গিয়ে দাঁড়াতেই আমার ফোন ফেলে দেয়। আমাকে হেনস্থা করা হয়েছে।’