২৯ জুলাই বক্সায় বাঘ এনে ছাড়ার কথা ঘোষণা বনমন্ত্রীর

দীর্ঘদিন বাঘশূন্য থাকার পর ফের বাঘের আবাসস্থল হিসেবে গড়ে উঠতে চলেছে বক্সা টাইগার রিজার্ভ। রবিবার সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ ঘোষণা করেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৯ জুলাই বক্সায় বাঘ এনে ছাড়া হবে। সেদিন বক্সায় কেন্দ্রীয় বনমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রী উপস্থিত থাকবে বলে জানানো হয়েছে।

বনমন্ত্রী জানান, বক্সা মূলত বাঘের জন্যই পরিচিত একটি বনাঞ্চল। তাই এখানে আবার বাঘের স্থায়ী বসবাস নিশ্চিত করতে বনদপ্তর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বনমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বনদপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন বলেও তিনি জানান। জয়ন্তী বনবস্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে বনমন্ত্রী বলেন, প্রয়োজন হলে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

১৯৮২ সালে বক্সা দেশের ১৫ তম টাইগার রিজার্ভের মর্যাদা পেয়েছিল। একসময় এই বনাঞ্চল ২০টিরও বেশি বাঘের উপস্থিতি ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঘের সংখ্যা কমতে কমতে বর্তমানে শূন্যে নেমে এসেছে। যদিও গত কয়েক বছরে ভুটান সীমান্ত থেকে কয়েকটি বাঘের আনাগোনা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে।


রাজ্যে সরকার পরিবর্তনের পর বাইরের রাজ্য থেকে বাঘ এনে পুনর্বাসনের পরিকল্পনা অনুমোদন পেয়েছে। সেই পরিকল্পনারই বাস্তবায়ন হতে চলেছে আগামী মাসে। বনমন্ত্রীর ঘোষণায় বক্সা সংলগ্ন এলাকার বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। অনেকেরই আশা বাঘ ফেরার ফলে এলাকায় ‘টাইগার ট্যুরিজম’-এর বিকাশ ঘটবে এবং স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে।