উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও ঘনীভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবারের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলে ঢুকতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
নিম্নচাপটি বর্তমানে সাগর দ্বীপের কাছে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে, দিঘার ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বালেশ্বরের ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ক্যানিংয়ের প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে।
এদিকে রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রয়া ১.৫ কিলোমিটার উচ্চতায় থাকা এই অক্ষরেখার প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির প্রভাব থাকবে।
কলকাতায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই ধরনের আবহাওয়া থাকতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদেও।
তবে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের মতে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চললেও বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বুধবারের জন্য বিশেষ সতর্কতা নেই।
নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্র ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম।