জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাট সংশোধনাগারে অসুস্থ ১৮ বন্দি

PIC-X

রাজ্যজুড়ে যখন খাদ্য সুরক্ষা সপ্তাহ পালন করে হোটেল-রেস্তোরাঁর খাবারের গুণমান নিয়ে কড়া নজরদারি চলছে, তখনই সরকারি সংশোধনাগারে খাবারে বিষক্রিয়ার অভিযোগ। বসিরহাট সংশোধনাগারে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৭ থেকে ১৮ জন বন্দি। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি স্বাস্থ্য দফতরের বিশেষ মেডিক্যাল দল সংশোধনাগারে পৌঁছে অসুস্থদের চিকিৎসা শুরু করে।

জেল সূত্রে জানা গিয়েছে, সংশোধনাগারের ক্যান্টিন বা রান্নাঘরের খাবার খাওয়ার পরই কয়েকজন বন্দির বমি, পেটের সমস্যা-সহ অসুস্থতার লক্ষণ দেখা দেয়। পরে দ্রুত বাড়তে থাকে অসুস্থ বন্দির সংখ্যা। খবর যায় জেলা স্বাস্থ্য দফতরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বসিরহাটের ডেপুটি সিএমওএইচ-২ ডাঃ অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল সংশোধনাগারে যায়।

জেলের ভিতরেই অসুস্থ বন্দিদের আপৎকালীন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী ওষুধ ও স্যালাইন দেওয়া হয়। ডাঃ অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ায় মোট ১৭-১৮ জন বন্দির চিকিৎসা করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত সকলেই স্থিতিশীল। এই মুহূর্তে কাউকেই হাসপাতালে ভর্তি বা স্থানান্তরের মতো পরিস্থিতি তৈরি হয়নি।


তবে এই ঘটনায় সংশোধনাগারে বন্দিদের খাবারের মান ও রান্নার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলের মতো নিয়ন্ত্রিত জায়গায় নিয়মিত নজরদারির মধ্যে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হয়। সেখানে কীভাবে খাবারে বিষক্রিয়ার ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

খাবার কোথা থেকে সরবরাহ করা হয়েছিল, রান্নাঘরের পরিবেশ কতটা স্বাস্থ্যসম্মত ছিল এবং খাবার তৈরির ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যবিধি মানা হয়েছিল কি না—সবই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর প্রশাসনের তরফে সংশোধনাগারের খাবারের গুণমান ও রান্নার পরিকাঠামো নিয়ে তদন্ত শুরু হয়েছে।