মা ক্যান্টিনে ডিমের সঙ্গে ৫ টাকায় মিলবে মাছ-ভাতও

করোনাকালে সাধারণ মানুষের জন্য চালু হওয়া ‘মা ক্যান্টিন’-এর মেনুতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। এতদিন ৫ টাকায় ডিম-ভাত মিললেও এবার থেকে একই দামে মাছ-ভাত দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি খাবারের পরিমাণও বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।

করোনা পরিস্থিতিতে বহু মানুষের আর্থিক সংকটের সময় তৎকালীন তৃণমূল সরকার ‘মা ক্যান্টিন’ চালু করেছিল। স্বল্পমূল্যে খাবার পেয়ে উপকৃত হয়েছিলেন বহু মানুষ। এবার সরকার বদলের পর সেই প্রকল্পেই নতুন সংযোজন আনছে বিজেপি সরকার।

দিলীপ ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে খুব শীঘ্রই নতুন মেনু চালু হবে। ডিম-ভাতের পাশাপাশি মাছও পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। আপাতত খাবারের দাম ৫ টাকাই রাখা হচ্ছে। ভবিষ্যতে খরচ বাড়লে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।


রাজনৈতিক মহলের মতে, মেনুতে মাছ অন্তর্ভুক্ত করে বিজেপি বাংলার খাদ্যসংস্কৃতি নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে চাইছে। নির্বাচনের আগে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হবে। নতুন সিদ্ধান্তকে কেন্দ্র করে সেই বিতর্ক আবারও সামনে এসেছে।