হলদিয়ায় পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে আগুন, দগ্ধ ১৫ জন শ্রমিক

প্রতীকী ছবি

হলদিয়ায় পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ আগুন। মঙ্গলবার ভোরে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোর ৪টে নাগাদ হলদিয়া শোধনাগারের ন্যাপথা পরিবহণকারী একটি পাইপলাইনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে।

অগ্নিকাণ্ডে বেশ কমপক্ষে ১৫ জন শ্রমিক পুড়ে গিয়েছেন। আগুন নেভানোর জন্য দমকলের ১২টি ইঞ্জিন চেষ্টা চালাচ্ছে। পরে দমকলবাহিনী দুর্ঘটনাস্থলে থেকে ১৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেছে।  তাঁদের উদ্ধার করে প্রথমে হলদিয়ে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

স্থানীয় বাসিন্দারাও প্রথমে উদ্ধারকাজে অংশ নেন বলে খবর। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ন্যাপথা পাইপলাইন ফেটে যাওয়ার জেরেই আগুন ধরে থাকতে পারে। আগুনের তীব্রতায় আশপাশে কাজ করা শ্রমিকরা ঝলসে যান।


হলদিয়া-পাঁশকুড়া সংযোগকারী রেললাইনের পাশেই আগুন লাগায় ওই লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। আগুনের জেরে ওভারহেড ইলেকট্রিক লাইন এবং ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে বলে খবর। নিরাপত্তার কথা মাথায় রেখে হলদিয়া থেকে হাওড়াগামী প্যাসেঞ্জার ট্রেন ছাড়তে দেরি হচ্ছে বলে খবর।

দুর্ঘটনার খবর পেয়ে তমলুক হাসপাতালে আহতদের দেখতে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি। তিনি বলেন, পাইপলাইন লিক করে ন্যাপথা বেরিয়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছে। তবে কী কারণে পাইপলাইন থেকে ন্যাপথা লিক করেছে তা এখনও জানা যায়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘তদন্ত চলছে। এর প্রভাব কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে।‘