দুর্গাপুরে একটি খাবার হোটেলে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Image: Screengrab

দুর্গাপুরের ব্যস্ততম গান্ধী মোড় এলাকায় ল’ কলেজের সামনে একটি ছোট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড।  মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে ফেলে গোটা দোকান। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ। ঘটনাকে ঘিরে কিছুক্ষণের জন্য এলাকায় হুলস্থুল পড়ে যায়।দমকল সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ সাহা নামে এক ব্যক্তির ওই ছোট হোটেলে প্রতিদিনের মতো শুক্রবার সকালে কচুরি ভাজার কাজ চলছিল।সেই সময় কড়াইয়ে থাকা গরম তেল থেকে আচমকাই আগুনের সূত্রপাত হয়।

নিমেষের মধ্যে আগুন রান্নাঘর থেকে গোটা দোকানে ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে এবং প্রায় সম্পূর্ণ দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা  আগুন নেভানোর কাজে হাত লাগান। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের তৎপরতায় আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ার আগেই  নিয়ন্ত্রণে আনা  হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও দোকানের রান্নার সরঞ্জাম, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে।  প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।