এফআইআর দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করে রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। শুক্রবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে মোট ছয়টি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগকারী রাজীব সরকারের দাবি, নির্বাচনী প্রচারের সময় অভিষেক যে ধরনের ভাষা ব্যবহার করেছিলেন, তা জনমনে উত্তেজনা ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে পারত। তাঁর অভিযোগ, সেই বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে উস্কানিও দেওয়া হয়েছে। গত ৫ মে তিনি প্রথমে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর নথিভুক্ত হয়।
এই প্রসঙ্গে রাজীব বলেন, ‘নির্বাচনী প্রচারে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে শুভ নয়। তৃণমূল ক্ষমতায় ফিরলে সাধারণ মানুষের উপর হামলার আশঙ্কাও তৈরি হতে পারত।‘ তিনি আরও দাবি করেন, এই অভিযোগ কোনওভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি পদক্ষেপ করেছেন।
উল্লেখ্য, রাজীব সরকার এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব হয়েছেন। বাগুইআটি এলাকায় বার সংস্কৃতি এবং সেখানে নাচ-গান সংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধেও তিনি অভিযোগ জানিয়েছিলেন। যদিও তাঁর বিরুদ্ধেও নারী পাচারের অভিযোগ উঠেছে। তবে সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাজীব। তাঁর বক্তব্য, সমাজ পরিবর্তনের লড়াই করতে গেলে নানা ধরনের বাধা ও অভিযোগের মুখোমুখি হতেই হয়।