শুভেন্দুর উপস্থিতিতে হামলা ও সম্ভ্রমহানির অভিযোগ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর

প্রতিনিধিত্বমূলক চিত্র

 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরের সামনে মঙ্গলবার বিকেলে তীব্র উত্তেজনা ছড়ায়। ওই ঘটনার জেরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধর, ভয় দেখানো এবং মহিলা বিএলও–দের সম্ভ্রমহানির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা বুথ লেভেল অফিসার (বিএলও)। হেয়ার স্ট্রিট থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে জানানো হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাঁদের মারধর ও সম্মানহানি করা হয়েছে।
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার দুপুর থেকে সিইও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। বিকেলের দিকে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তৃণমূলপন্থী বিএলও–রা তাঁর গাড়ি ঘিরে ‘চোর’ স্লোগান দিতে থাকেন। পাশাপাশি তাঁকে জুতোও দেখানো হয়। এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু সিইও দপ্তরে প্রবেশ করেন।
কিছুক্ষণ পর দপ্তর থেকে বেরিয়ে এলে তিনি বিএলও–দের বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, তখনই বিজেপি সমর্থকদের মধ্যে কয়েকজন পতাকা হাতে বিক্ষোভকারীদের উপর চড়াও হন। পতাকার ডান্ডা দিয়ে বিএলও–দের মারধর করার অভিযোগ উঠেছে। মহিলা বিএলও-দের উদ্দেশে কটূক্তি এবং তাঁদের সম্ভ্রমহানির চেষ্টা হয়েছে বলেও অভিযোগপত্রে দাবি করা হয়।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে বলে তৃণমূল সূত্রে খবর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।