পর্ণশ্রীতে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে পর্ণশ্রী থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, পর্ণশ্রীতে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তিনি ও তাঁর সমর্থকেরা জড়িত।

এই ঘটনায় রবিবার রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। বিজেপির দাবি, পর্ণশ্রী এলাকায় তাদের কার্যালয়ে হামলা চালিয়ে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং দপ্তরে ভাঙচুর করা হয়। সিসিটিভি ফুটেজে সেই ঘটনার প্রমাণ রয়েছে বলেও দাবি তাদের। তবে দীর্ঘ সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ তোলে বিজেপি। এই নিয়ে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বচসা পড়ে তা হাতাহাতিতে গড়ায়।

ঘটনার পর এলাকায় পৌঁছন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তাঁর নেতৃত্বে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চলে। বিজেপি সেখানে ধর্নায় বসে এবং তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।


অন্যদিকে, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ও থানায় যান। যদিও ভাঙচুরের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলের পোস্টার ও ব্যানার বিজেপি সমর্থকেরাই ছিঁড়েছে। এ বিষয়ে তিনিও থানায় অভিযোগ দায়ের করেছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে। সোমবার সকালে জানা যায়, কমিশনের নির্দেশেই রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল বেহালা পশ্চিমে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। ভোটের ফলাফল জানা যাবে ৪ মে। বর্তমানে রত্না বেহালা পূর্বের বিধায়ক হলেও এবারের নির্বাচনে তাঁকে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁকে টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে। বেহালা পূর্বে তাঁর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়বেন শুভাশিস চক্রবর্তী।