জেলার পথ ধরেও ছুটবে মেট্রো, রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

শহরজুড়ে মেট্রো সম্প্রসারণে আগেই জোর দেওয়া হয়েছিল। তাতে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা হয়েছে। ধর্মতলা থেকেও যাওয়া যায়। জোকা থেকে মেট্রো পরিষেবা মিলছে। আরও মেট্রো পরিষেবা সম্প্রসারিত করা হচ্ছে। এখন দক্ষিণেশ্বর, নোয়াপাড়া পর্যন্তও মেট্রো পরিষেবা মেলে। তবে তা শুধু শহরে। এবার জেলাতেও যাতে মেট্রো পরিষেবা মেলে সে কথাই সোমবার শোনা গেল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পেশ করা রাজ্য বাজেটে।

এদিকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে ঘোষণা করেন, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল শহরে মেট্রো পরিষেবা চালু করতে চায় রাজ্য সরকার। এমনকী পুরুলিয়া, মালদহে তৈরি হবে বিমানবন্দর। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের চাপ কমাতে কলকাতাতেই তৈরি হবে আর একটি বিমানবন্দর। আর পূর্ব মেদিনীপুরের তাজপুরের অদূরে দাদনপাত্রবাড়ে তৈরি হবে গভীর সমুদ্রবন্দর। শিলিগুড়ি-জলপাইগুড়ি এবং দুর্গাপুর-আসানসোলে মেট্রো পরিবহণের ব্যবস্থা করা যায় কিনা সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

অন্যদিকে ‘টেকনো-ইকোনমিক স্টাডি’ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যকে ঢেলে সাজানো নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার যেন সেই কথাই রাখলেন তিনি। গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত এবং দ্রুত করতে কলকাতার বাইরে জেলা শহরগুলিতেও মেট্রো পরিষেবার ভাবনার কথা জানিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারীর পরামর্শ ছিল, যেসব শহরে ২৫ থেকে ৩০ লক্ষের বেশি মানুষের বসবাস, সেখানে মেট্রো পরিষেবা চালু হোক। এবার তা বাজেটে প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী। তাঁর ঘোষণা,  ‘এবার উত্তরবঙ্গের শিলিগুড়ি, পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুরেও ছুটবে মেট্রোরেল। সেই কাজ শুরু হবে দ্রুত।’


তাছাড়া ২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তৈরি হওয়ার পর কলকাতায় মেট্রোর সম্প্রসারণ হয়েছে ব্যাপক হারে। মেট্রো প্রকল্প নিয়ে কেন্দ্রের তৎপরতার কথা বলতে গিয়ে কদিন আগে পশ্চিমবঙ্গে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, ‘১৯৭২ সাল থেকে পরের ৪২ বছরে কলকাতায় মাত্র ২৮ কিলোমিটার মেট্রোপথ তৈরি হয়েছিল। মোদী সরকার ক্ষমতায় আসার পর, ১২ বছরে কলকাতায় ৪৫ কিলোমিটার মেট্রোপথ তৈরি হয়েছে।’ এবার সেটা যাতে শহর ছাড়িয়ে জেলায় পৌঁছে যায় সেই উদ্যোগও নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণা থেকে তেমনটাই মনে করা হচ্ছে।