উত্তরবঙ্গে বিশেষ জোর অর্থমন্ত্রীর, এইমস থেকে ক্যানসার হাসপাতাল-সহ নানা ঘোষণা

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে সর্বস্তরে বরাদ্দ বাড়ানো হয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এইমস থেকে শুরু করে ক্যানসার হাসপাতাল-সহ একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শিল্প এবং কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। আর তাই যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। বিমানবন্দর থেকে স্টেডিয়াম সব কিছুই করার কথা ঘোষণা করা হয়েছে এবারের রাজ্য বাজেটে।

এদিকে আয়ুষ্মান ভারত  প্রকল্প নিয়ে আসা হয়েছে। ওই প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা। এই প্রকল্পে ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা এবং গভবর্তী মহিলাদের ২১ হাজার টাকা দেওয়ার মতো নতুন প্রকল্প চালু করা হচ্ছে। তবে উত্তরবঙ্গে বিমানবন্দর থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, ‘বালুরঘাট এবং মালদহে বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টে়ডিয়াম এবং একটি ইন্ডোর স্টে়ডিয়াম তৈরি হবে। ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে। রাজ্যে প্রত্যেকটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয় করে মিনি ইন্ডোর স্টে়ডিয়াম তৈরি করা হবে।’

অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রত্যেকটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেখানে উত্তরবঙ্গের একাধিক জেলা রয়েছে। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে ৫০ কোটি টাকা। তবে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর গাজোল, চাঁচল, জয়গাঁ এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেরও একাধিক জায়গা রয়েছে।


তাছাড়া রাজ্যকে কেমন করে গড়ে তোলা হবে তা নিয়েও বার্তা দেন অর্থমন্ত্রী। ভরা বিধানসভায় স্বপন দাশগুপ্ত বলেন, ‘মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্পের উন্নয়ন হতে পারে, আমাদের লক্ষ্য হবে অর্থনৈতিকভাবে আধুনিক প্রোগ্রেসিভ বাংলা তৈরি করা। উত্তরবঙ্গে একটি আইআইটি, একটি এইমস ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে। আলিপুরদুয়ার, কালিম্পংয়ে নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ১৩টি মেডিক্যাল কলেজে ৬৫০ এমবিবিএস আসন বাড়ানো হবে।’ তবে এদিন বাজেটের পরে বিধানসভায় আনন্দে মাতলেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিধানসভা চত্বরেই আবির খেলে সেলিব্রেশন করেন তাঁরা।