পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। নির্ধারিত সময়সীমা আর পিছোবে না। যে সমস্ত সন্দেহ বা তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তি ওই সময়ের মধ্যে সম্ভব হবে, তা নিয়েই তালিকা প্রকাশ করতে হবে। পরে প্রয়োজন হলে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম সংযোজন করা যেতে পারে।
শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়াও। আদালত জানায়, বিচারবিভাগীয় আধি-কারিকদের দীর্ঘদিন এসআইআরের কাজে নিযুক্ত রাখা যাবে না, কারণ এতে আদালতের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।
যদিও সাময়িক প্রভাবের কথা স্বীকার করেছেন প্রধান বিচারপতি, তবু সময়সীমা আর বাড়াতে নারাজ আদালত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ হল— এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারিক আধিকারিকেরা। প্রতি জেলায় বর্তমান বিচারিক অফিসার ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।