জাতির জনকের মূর্তি কালো কাপড়ে ঢাকা, কাটোয়ায় ব্যাপক আলোড়ন

রাতের অন্ধকারে কেউ বা কারা জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির মুখ এবং হাত কালো কাপড়ে ঢেকে দিয়েছে বলে অভিযোগ। বুধবার সকালে সে দৃশ্য সামনে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারছেন না। তাই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এদিন সকালে কাটোয়া শহরের স্টেশন বাজার চৌরাস্তায় অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে ঢাকা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পথচলতি মানুষজনও তা প্রত্যক্ষ করে অবাক হন।

এই ঘটনার পিছনে রাজনীতি আছে নাকি অন্য কোনও বিষয় রয়েছে তা নিয়েও চর্চা শুরু হয়েছে। এই দৃশ্য দেখে সাধারণ মানুষ ওই মূর্তির সামনে ভিড় জমাতে শুরু করেন। এমনকী বিষয়টি নিয়ে এলাকায় নিন্দার ঝড় ওঠে। একদিন আগেই কংগ্রেসের শীর্ষ নেতা কেসি বেনুগোপাল কলকাতায় আসেন। দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং নানা নির্দেশ দেন। তাঁকে বার্তা দিতেই এমন কাণ্ড ঘটানো হলো কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত কাজ। দ্রুত এই ঘটনার তদন্ত করা হোক। আর দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই দাবি তোলা হয়েছে।

পয়লা জুলাই থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে ভিবি জিরাম জি প্রকল্প। যা আগে ছিল ১০০ দিনের কাজ। এই আবহে এমন কাজ হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। তবে ঠিক কী কারণে এমন ঘটল? তা নিয়ে কেউই নিশ্চিত নন। স্থানীয় বাসিন্দারা মনে করেন, গান্ধী মূর্তির কাছেই আছে পুলিশের সিসিটিভি ক্যামেরা। সেগুলি পরীক্ষা করলেই বেরিয়ে যাবে কে বা কারা জড়িত। রয়েছে। আর অভিযুক্তদের শনাক্ত করে কড়া শাস্তি দিতে হবে। এখন সেটা কতটা সম্ভব সেটাই দেখার।


তাছাড়া স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশ। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়ে দিয়েছে এলাকার বাসিন্দাদের। তবে কী উদ্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে এবং তার পিছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এমন ঘটনার পর পুলিশ চারদিকে কড়া নজর রেখেছে।