বৃদ্ধের মৃত্যুতে জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ নিহতের পরিবারের

নিজস্ব গ্রাফিক্স চিত্র

বিধানসভা ভোটের দিন জওয়ানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু। ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক ছড়াল উদয়নারায়ণপুরে। মৃত পূর্ণচন্দ্র দোলুইয়ের ছেলে তরণী দোলুই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের দিন পূর্ণচন্দ্র দোলুই ভোট দিতে যান বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে। তিনি অসুস্থ ছিলেন এবং তাঁর সঙ্গে ছিলেন ছেলে তরণী। অভিযোগ, তরণী বাবার সঙ্গে বুথে ঢোকার অনুমতি চাইলে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তা মানতে চাননি। ফলে পূর্ণচন্দ্র একাই বুথে প্রবেশ করেন।

তরণীর দাবি, ভোট দিয়ে বেরোনোর সময় এক জওয়ান তাঁর বাবাকে ধাক্কা দেন। তাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ওই সময় উপস্থিত জওয়ানরা কোনও সাহায্য করেননি।


ঘটনার পর উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ঘটনাস্থলের নজরদারি যন্ত্রের দৃশ্য সংগ্রহের জন্য হাওড়ার জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃতের ছেলে তরণী দোলুই। ভোটের দিনে এই মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের ভূমিকা এবং কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।