দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে আসতেই পুরো নির্বাচন প্রক্রিয়া বাতিল করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, ওই কেন্দ্রের সব কটি বুথে নতুন করে ভোট নেওয়া হবে ২১ মে। ফলে ৪ মে রাজ্যের অন্যান্য ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগণনা হলেও ফলতা কেন্দ্র বাদ থাকবে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের সময় ফলতা কেন্দ্রে একাধিক বুথে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। মোট ২৮৫টি বুথে, সহায়ক বুথ-সহ, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনর্ভোট হবে। নতুন করে ভোট নেওয়ার পর ২৪ মে ফলতা কেন্দ্রের ভোটগণনা সম্পন্ন হবে।
ভোটের দিন থেকেই ইভিএম নিয়ে কারচুপির অভিযোগ ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশনের কাছে পুনর্ভোটের দাবি জানানো হয়। অভিযোগ ছিল, একাধিক বুথে নজরদারি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল এবং নেটওয়ার্ক সমস্যার কারণে নিয়ন্ত্রণ কক্ষে তথ্য পৌঁছয়নি। এমনকি কিছু জায়গায় ইভিএম মেশিন টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।
সূত্রের খবর, দুপুর প্রায় ১টা নাগাদ সেই টেপ সরানো হলেও তার আগে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। ফলে পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কমিশন পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক পাঠায়। তিনি সরেজমিনে রিপোর্ট দেওয়ার পরই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের ১৫টি বুথে পুনর্ভোট নেওয়া হয়েছিল। তবে ফলতায় অভিযোগের মাত্রা অনেক বেশি হওয়ায় সম্পূর্ণ কেন্দ্রেই নতুন করে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।