‘ভুয়ো খবর’, শ্রীজাত প্রসঙ্গে কমিশনের সাফাই

বুধবার সকালে আচমকাই ছড়িয়ে পড়ে খবর । ভোটের আগে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কয়েক বছর আগের একটি মামলার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এমনকি নির্বাচন শান্তিপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভোটের মুখে এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

তবে কিছুক্ষণের মধ্যেই পুরো বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দেয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়, শ্রীজাতকে গ্রেপ্তারের খবর সম্পূর্ণ ভুয়ো এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র নিন্দাও জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।

খবরটি সামনে আসার পর সাংস্কৃতিক মহলেও প্রতিক্রিয়ার ঝড় ওঠে। অনেকেই এটিকে মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখেন। যদিও পরবর্তীতে কমিশনের ব্যাখ্যায় পরিস্থিতি পরিষ্কার হয়। সংবাদমাধ্যম থেকেই প্রথম এই খবর জানতে পারেন শ্রীজাত। প্রতিক্রিয়ায় তিনি দার্শনিক প্লেটোর বক্তব্য উল্লেখ করে বলেন, আদর্শ রাষ্ট্রে কবিদের স্থান হয় না— সমাজে স্পষ্টভাবে কথা বলার মূল্য অনেক সময় চোকাতে হয়।


উল্লেখ্য, অতীতে শ্রীজাতের লেখা ‘অভিশাপ’ কবিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই সূত্র ধরেই এবারের নির্বাচনের আগে গ্রেপ্তারির গুঞ্জন ছড়ায় বলে মনে করা হচ্ছে।