পাইকপাড়ায় পর পর বিস্ফোরণ, উড়ল ক্লাবের টিনের চাল

কলকাতার পাইকপাড়া এলাকায় শনিবার ভোরে একটি ক্লাবে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ জোরালো শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। বাইরে বেরিয়ে তাঁরা দেখতে পান একটি ক্লাবঘরে বিস্ফোরণের পর আগুন লেগেছে।

বিস্ফোরণের তীব্রতায় ক্লাবের টিনের চাল উড়ে পাশের একটি ছ’তলা বাড়ির ছাদে গিয়ে পড়ে। ঘটনায় ক্লাবঘরটির ব্যাপক ক্ষতি হয়েছে। দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে এবং ভিতরে বিস্ফোরকের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে প্রায় ২০-২৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকলের ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, ওই ক্লাবঘরের ভিতরে বোমা মজুত ছিল এবং সেখান থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।


স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ক্লাবটি দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তাঁদের অভিযোগ, ক্লাবের জমি নিয়ে কিছু মানুষের স্বার্থ জড়িয়ে থাকতে পারে এবং সেই কারণেই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এক বাসিন্দা জানান, ভোরে হঠাৎ প্রবল শব্দে তাঁরা ঘুম থেকে উঠে বাইরে এসে আগুন দেখতে পান। পরে আশপাশের বাড়ি থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

ক্লাবের এক কর্তা দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই কিছু লোক ওই ক্লাব দখল করার চেষ্টা করছিল। তাঁর সন্দেহ, যাদের স্বার্থ জড়িত তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।

ঘটনার পর এলাকায় পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং তল্লাশি শুরু হয়েছে। অভিযোগ, সেখানে আরও কিছু তাজা বোমা থাকতে পারে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে এবং ক্লাবের আশপাশে কাউকে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় স্থায়ী পুলিশ পিকেট ও সিসিটিভি ক্যামেরা বসানোর দাবিও তুলেছেন। চিৎপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।