মালদহ-দক্ষিণ দিনাজপুর জুড়ে ইভিএম বিভ্রাট, মোথাবাড়িতে উত্তেজনা—একাধিক বুথে ভোটে বিঘ্ন

ভোটের দিন সকাল থেকেই ইভিএম বিকল ঘিরে একাধিক জেলায় বিঘ্ন ও উত্তেজনার ছবি সামনে এল। মালদহের মোথাবাড়ি বিধানসভার বালুয়াচরা হাই স্কুলের ভোটকেন্দ্রে ইভিএমে যান্ত্রিক ত্রুটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, দীর্ঘক্ষণ ইভিএম বিকল থাকার পর সেক্টর আধিকারিক ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ-সহ একাংশ ভোটার। এমনকি কয়েক জন ভোটার সেক্টর আধিকারিকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় কর্তব্যরত আধিকারিকদের।

শুধু মোথাবাড়ি নয়, চাঁচল বিধানসভাতেও একই সমস্যা দেখা যায়। কালিয়াপাড়া এসএসকে-র ২১১ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে পড়লে পরে তা বদলে নতুন মেশিনে ভোটগ্রহণ শুরু হয়। কুশিদা ১৩ নম্বর বুথেও ইভিএম সমস্যার জেরে ভোট শুরু হতে দেরি হয়।


দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভার সাহেবকাছারির ৬৫ নম্বর বুথেও ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ইভিএম বিকল হয়ে যায়। পরে সেক্টর আধিকারিকরা এসে পরিস্থিতি সামলে ফের ভোটগ্রহণ চালু করেন।

এদিকে গঙ্গারামপুর বিধানসভার হাওয়া কালীতলা প্রাথমিক বিদ্যালয়ের বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সাময়িকভাবে ভোট বন্ধ হয়ে যায়। বহু ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে না পেরে ফিরে যেতে বাধ্য হন বলে অভিযোগ। প্রশাসন সূত্রে খবর, দ্রুত সেখানে নতুন ইভিএম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটের ঘটনায় ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা গেলেও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সমস্যা দ্রুত মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।