রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি বঙ্গবাসীকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপির সংকল্পপত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় আসা মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন বলেও জানানো হয়েছিল। ইতিমধ্যে আজ অর্থাৎ বুধবার থেকে এই প্রকল্পের আওতায় আসা মহিলাদের অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এদিকে এই যোজনার ফর্ম তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হলেন আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস এলাকার মহিলারা।
এলাকাবাসীর অভিযোগ, বুধবার সকালে আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অন্নপূর্ণা যোজনার ফর্ম মেলেনি। শেষ পর্যন্ত ফর্ম না পেয়ে ক্ষোভে ও হতাশায় ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই কুলটি বোরো অফিস চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রের খবর, প্রকল্পের ফর্ম পাওয়ার আশায় ভোররাত থেকেই বোরো অফিসের সামনে লাইন দিয়েছিলেন বহু মহিলা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আচমকাই তাঁদের জানানো হয়, আজ অফলাইনে কোনও ফর্ম দেওয়া হবে না। এবার থেকে অনলাইনেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম।
এ দিন লাইনে দাঁড়িয়ে থাকা একজন মহিলা ক্ষোভ উগরে বলেন, ‘গতকাল অর্থাৎ ২ জুন, আমার মা সারাদিন লাইনে দাঁড়িয়েও ফর্ম পাননি। তাই আজ আমি সকালে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। এখন হঠাৎ বলা হচ্ছে, অফলাইনে ফর্ম নেই। আজ থেকে নাকি অনলাইনে ফর্ম পাওয়া যাবে। আমাদের এভাবে হয়রানি করার মানে কী?’
এদিকে বিজেপি নেতা টিঙ্কু বর্মা জানিয়েছেন, আজ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম দেওয়া চালু হয়েছে। সেই কারণেই আজ বোরো কার্যালয় থেকে অফলাইন ফর্ম দেওয়া বন্ধ রাখা হয়েছে। এ ভাবে হঠাৎ করে ফর্ম দেওয়া বন্ধ করায় চরম ভোগান্তির মুখে পড়েছেন ওই এলাকার মহিলারা। ফের কবে থেকে সুষ্ঠুভাবে অফলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে আপাতত সেই চিন্তায় রয়েছেন কুলটিবাসী।