৪০ মিটার দূরেই জনবসতি, ২০ মিটারে সংরক্ষিত বন! পুরুলিয়ার ৩৬০০ কোটির ইস্পাত প্রকল্পের ছাড়পত্র নিয়ে পরিবেশ আদালতে মামলা

প্রতিনিধিত্বমূলক চিত্র

শিল্পপ্রকল্পের পরিবেশগত ছাড়পত্র ঘিরে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ। কোথাও গ্রামের বসতি থেকে দূরত্ব মাত্র ৪০ মিটার, কোথাও সংরক্ষিত বনাঞ্চল মাত্র ২০ মিটারের মধ্যে। প্রস্তাবিত কারখানার জমিতে পাঁচটি পুকুর থাকলেও সরকারি নথিতে সেগুলির উল্লেখ নেই বলে অভিযোগ।

এমনকী, পরিবেশের নমুনা পরীক্ষার দায়িত্বে থাকা পরীক্ষাগারের স্বীকৃতির মেয়াদ নিয়েও উঠেছে প্রশ্ন। পুরুলিয়ার রঘুনাথপুরে ৩৬০০ কোটি টাকার ইস্পাত কারখানা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রকে চ্যালেঞ্জ করে এ বার জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হলেন পরিবেশকর্মী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা।

মামলাকারীদের পক্ষেরা আইনজীবী শামীম আহমেদ ও আইনজীবী আম্বিয়া খাতুনের মূল দাবি, প্রয়োজনীয় পরিবেশগত তথ্যের যথাযথ যাচাই না করেই কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ২০২৬ সালের ২২ অক্টোবর প্রকল্পটিকে ছাড়পত্র দিয়েছে। সেই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং একাধিক পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ছাড়পত্র প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, মেসার্স নক্ষিত আয়রন অ্যান্ড স্টিল প্রাইভেট লিমিটেড রঘুনাথপুর-১ ব্লকের দুরমুট মৌজায় প্রায় ১৪৮ একর জমির উপর একটি সমন্বিত ইস্পাত কারখানা গড়ার পরিকল্পনা করেছে। দৈনিক প্রায় ১০,২৯০ কিলোলিটার জল ব্যবহারের প্রস্তাব রয়েছে এই প্রকল্পে। কিন্তু এত বড় শিল্পপ্রকল্পের অবস্থান এবং তার সম্ভাব্য পরিবেশগত প্রভাব নিয়েই আপত্তি তুলেছেন আবেদনকারীরা।


আইনজীবীদের দাবি, জোরাডি গ্রামের বসতি প্রকল্প এলাকা থেকে মাত্র ৪০ মিটার দূরে। দুরমুট গ্রামের দূরত্ব প্রায় ১৩০ মিটার। কাছেই রয়েছে বাথান এসএসকে স্কুল, যার অবস্থান প্রকল্প থেকে প্রায় ৪৬০ মিটার দূরে। আরও উদ্বেগের বিষয়, প্রস্তাবিত কারখানার সীমানা থেকে মাত্র ২০ মিটারের মধ্যে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। এই পরিস্থিতিতে জনবসতি, পড়ুয়া এবং বনজ সম্পদের উপর প্রকল্পের প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছিল কি না, সেই প্রশ্ন তুলেছে মামলা।

আইনজীবী শামীম আহমেদের বক্তব্য, বিশেষজ্ঞ কমিটির উপসমিতি প্রকল্প এলাকা পরিদর্শন করে সেখানে পাঁচটি পুকুরের অস্তিত্ব চিহ্নিত করেছিল। প্রকল্প সংস্থাও ওই জলাশয়গুলির উপস্থিতির কথা স্বীকার করেছিল বলে দাবি। অথচ ৮ মে-র বিশেষজ্ঞ কমিটির বৈঠকের কার্যবিবরণীতে প্রকল্প এলাকায় কোনও জলাশয় নেই বলে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে পরিবেশগত ছাড়পত্রে আবার ওই পাঁচটি পুকুরকে জল সংরক্ষণের কাজে ব্যবহারের শর্ত দেওয়া হয়েছে।

পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য সংগৃহীত নমুনার পরীক্ষার বৈধতা নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারীরা। তাঁদের অভিযোগ, হায়দরাবাদের নিও গ্লোবাল এনভায়রো ল্যাবসের NABL স্বীকৃতির মেয়াদ শেষ হয়েছিল ৪ মে ২০২৬। অথচ ওই পরীক্ষাগারের মাধ্যমে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ হয়েছে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত। অর্থাৎ, স্বীকৃতির মেয়াদ শেষ হওয়ার পরেই পরিবেশ সংক্রান্ত পরীক্ষার কাজ করা হয়েছিল বলে অভিযোগ। সেই পরীক্ষার রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা।

মামলায় বিশেষজ্ঞ কমিটির পূর্ববর্তী পর্যবেক্ষণও তুলে ধরা হয়েছে। অভিযোগ, ২৪ ও ২৫ ফেব্রুয়ারির বৈঠকে প্রকল্পের অবস্থান, সংরক্ষিত বনাঞ্চলের নৈকট্য, জলাশয়ের উপস্থিতি এবং উৎপাদন সংক্রান্ত তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সমীক্ষার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছিল বলে দাবি। তা সত্ত্বেও পরবর্তী সময়ে কোন যুক্তিতে প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা।

এ ছাড়াও প্রকল্পের শিলান্যাস এবং পরিবেশগত ছাড়পত্রের আবেদনের সময় নিয়েও আপত্তি উঠেছে। মামলার বক্তব্য অনুযায়ী, ১৭ অগস্ট প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার ১৪ দিন পর, ৩১ অগস্ট পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন জমা পড়ে।

সব মিলিয়ে, শিল্পায়নের নামে পরিবেশগত নিয়মকানুন যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিয়েই তৈরি হয়েছে আইনি বিতর্ক। একদিকে কয়েক হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা, অন্যদিকে সংলগ্ন গ্রামের মানুষের বসবাস, বনাঞ্চল এবং জলসম্পদের সুরক্ষা। এই দুইয়ের সংঘাতেই এখন আইনি লড়াইয়ের কেন্দ্রে পুরুলিয়ার রঘুনাথপুর। বিতর্কিত পরিবেশগত ছাড়পত্র বাতিল করে প্রকল্পের সমস্ত পরিবেশগত তথ্য ও সমীক্ষা নতুন করে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন মামলাকারীরা।