তৃণমূল নেতা স্বপন নন্দীকে দেখে ছোঁড়া হল ডিম ও কালি

আরামবাগ পুরসভার গ্রিন সিটি দুর্নীতি মামলায় কেরল থেকে ধৃত প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীকে ডিম থেরাপিতে স্বাগত জানাল আরামবাগ। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় কালো ডিম। এদিন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম কেরল থেকে তাঁকে ধরে আনে। এরপর বিকেলে পুলিশি ঘেরাটোপে ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ধৃতকে আরামবাগ গৌরহাটি মোড় থেকে আরামবাগ থানা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়।

সেই সময় রাস্তায় প্রচুর বেজেপি কর্মী-সমর্থক জড়ো হন। তারা প্রথমে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। ধৃত স্বপন নন্দীকে গাড়ি থেকে নামাতেই ডিমবৃষ্টির পাশাপাশি চোর চোর স্লোগান দেওয়া হয়।  ডিমের মধ্যে কালো রং ঢুকিয়ে ছোঁড়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে পুলিশ কোনোরকমে ধৃতকে দৌড় করিয়ে থানায় ঢুকিয়ে মূল গেট বন্ধ করে দেয়। পুলিশের গায়েও লাগে ডিম ও কালি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অবশেষে অভিযুক্তকে থানার ভিতরে নিয়ে গেলেও আরামবাগ থানার সামনে উত্তেজনা দেখা যায়।