রেশন মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ চাল ব্যবসায়ীকে তলব ইডির

প্রতীকী চিত্র

ভোটের আগে আবার সক্রিয় হয়েছে ইডি। শহর থেকে জেলা—বিভিন্ন জায়গায় তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। ফের তাদের নজরে এসেছে বহুল আলোচিত রেশন দুর্নীতি মামলা। এই মামলায় চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে। তাঁকে সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত বারিক বিশ্বাস। এর আগেও ২০২৪ সালের অগাস্ট মাসে তাঁর বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় রেশন দুর্নীতির বিপুল আর্থিক লেনদেনে তাঁর সম্ভাব্য ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল তদন্তকারীদের মধ্যে। তল্লাশির সময় প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল বলে জানা যায়। পাশাপাশি তাঁর রাইস মিল থেকেও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছিল।

দীর্ঘ বিরতির পর আবারও ইডির নজরে এসেছেন এই ব্যবসায়ী। তদন্তকারীদের দাবি, বাংলাদেশে গম পাচারের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। কার মাধ্যমে পাচারচক্র পরিচালিত হচ্ছিল, এই চক্রে আর কারা জড়িত এবং বিদেশি কোনও সংযোগ আছে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তাঁকে ফের তলব করা হয়েছে।


উল্লেখ্য, এর আগেও সোনা ও গরু পাচার মামলায় বারিক বিশ্বাসের নাম সামনে এসেছিল। একাধিকবার তাঁর বাড়ি, ফ্ল্যাট ও চালকল ঘিরে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে তাঁর বিরুদ্ধে অভিযোগের পরিধি আরও বিস্তৃত হয়েছে।

ভোটের আবহে এই নতুন তৎপরতা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইডি আশা করছে, বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতি মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য ও সম্ভাব্য যোগসূত্র সামনে আসবে।