রেশন দুর্নীতি মামলায় নুসরতকে তলব ইডির

রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২২ এপ্রিল তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নুসরতের ব্যক্তিগত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ইডির ডাকে সাড়া দিতে রাজি তিনি। তবে কলকাতার বদলে দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন বলেই ইঙ্গিত মিলেছে।

তদন্তকারী সংস্থার দাবি, করোনা পরিস্থিতির সময় সীমান্ত এলাকায় গম পাচারের ঘটনায় বেশ কিছু তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে এবং বসিরহাটের তৎকালীন সাংসদ হিসেবে নুসরত জাহানের ভূমিকা সম্পর্কেও জানতে চাইছে ইডি। বাংলাদেশে গম পাচারের অভিযোগ ঘিরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, এর আগেও একাধিক মামলায় ইডির মুখোমুখি হতে হয়েছে নুসরতকে। ২০২৩ সালে ফ্ল্যাট প্রতারণা সংক্রান্ত অভিযোগে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও সেই সময় সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তিনি।

এদিকে ভোটের মুখে রাজ্যে কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতা বাড়ায় রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই সব তদন্তের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং বিরোধীদের চাপে ফেলতেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।