ফের প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব ইডির

কয়লা পাচার তদন্তে আবারও সক্রিয় হয়েছে ইডি। এই মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে ফের তলব করেছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি শহরের প্রায় ১২ জন ব্যবসায়ীও ইডির নজরে এসেছেন। কৃষ্ণ কয়াল, রীতেশ সিং, লোকেশ সিং, যুধিষ্ঠি ঘোষ এবং নরেন্দ্র খারকার মতো ব্যবসায়ীদের আগামী সপ্তাহে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেও মনোরঞ্জন মণ্ডলকে একাধিকবার তলব করা হলেও তিনি ইডি দপ্তরে হাজির হননি। রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের তাঁকে নোটিস পাঠানো হয়েছে। তদন্তে ইডির দাবি, পুলিশ ও কয়লা মাফিয়াদের যোগসাজশের ফলেই দীর্ঘদিন ধরে রাজ্যজুড়ে কয়লা পাচার চক্র সক্রিয় ছিল।

আদালতে জমা দেওয়া তদন্ত রিপোর্টে ইডি জানিয়েছিল, বুদবুদ থানার ওসি থাকাকালীন মনোরঞ্জন মণ্ডলের কাছে একাধিক মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে যেত। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্যও তদন্তকারীরা পেয়েছেন বলে দাবি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং বিভিন্ন লেনদেনের তথ্য আদালতে উল্লেখ করা হয়েছিল।


বারবার হাজিরা এড়ানোর অভিযোগে চলতি বছরের মার্চ মাসে মনোরঞ্জনের দুর্গাপুরের বাড়িতেও অভিযান চালায় ইডি। তবে বাড়িতে কাউকে না পেয়ে তদন্তকারীরা নোটিস টাঙিয়ে ফিরে যান। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।