অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল ইডি। বুধবার কালীঘাটের বাড়িতে যান ইডির দুই আধিকারিক। ইডি সূত্রে খবর, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁকে নোটিস দেওয়া হয়েছে। আগামী ১৫ জুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে।
বুধবার যখন ইডি আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়ি যান তখন তিনি বাড়িতে ছিলেন না। তার ফলে অভিষেকের হাতে নোটিস দিতে পারেননি ইডি আধিকারিকরা। কালীঘাটের বাড়িতে যাওয়ার আগে প্রথমে শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিলেন বলে খবর।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় লিপস এন্ড বাউন্সের। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে বেশ কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে বলেই খবর। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
এর আগেও একাধিকবার অভিষেককে তলব করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেকের স্ত্রীকেও। কলকাতা এবং দিল্লিতেও তলব করা হয় এর আগে। কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে কোটি কোটি টাকার আর্থিক তছরুপ ও টাকা পাচারের অভিযোগে এখনও তদন্ত চালাচ্ছে ইডি।