কালীঘাটের থানার প্রাক্তন ওসি শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি ইডির

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করল ইডি। দু’টি পৃথক মামলার তদন্তে তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি কোনোবারই  হাজিরা দেননি। এই পরিস্থিতিতে তদন্তকারীদের আশঙ্কা, তিনি দেশ ছাড়তে পারেন। সেই কারণেই তাঁর নামে এই নোটিস জারি করা হয়েছে।

গত ২৮ এপ্রিল, রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগের দিন, ইডি শান্তনুকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দেয়। সূত্রের খবর, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে ঘিরে চলা একটি মামলার তদন্তের সূত্রেই এই তলব করা হয়েছিল। দক্ষিণ কলকাতার বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি এবং অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলির ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে।

এই মামলায় ইতিমধ্যেই বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করেছে ইডি। তদন্তের সূত্র ধরে গত মাসে ফার্ন রোডে শান্তনুর বাড়িতেও তল্লাশি চালানো হয়। ভোর থেকে শুরু হওয়া এই অভিযান গভীর রাত পর্যন্ত চলে। তবে সেই সময় শান্তনুকে প্রকাশ্যে দেখা যায়নি। তল্লাশির পরদিনই তাঁকে এবং তাঁর দুই পুত্র—সায়ন্তন ও মণীশকে ইডির দপ্তরে তলব করা হলেও তাঁরা কেউই হাজির হননি।


এপ্রিলে বালি পাচার সংক্রান্ত একটি মামলাতেও কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। অভিযোগ, ওই মামলায় আর্থিক তছরুপের দিকটি খতিয়ে দেখছে ইডি। যদিও তিনি নিজে না গিয়ে আইনজীবীকে পাঠান এবং হাজিরা না দেওয়ার কারণ জানিয়ে সময় চান। জানা যাচ্ছে, সেই মামলার সূত্রেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। একাধিক তলব এড়িয়ে যাওয়ায় তদন্তকারীরা আরও সতর্ক হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে লুক আউট নোটিস জারি করেছে।