শিলিগুড়ির একাধিক এলাকায় পৃথক মামলায় অভিযান ইডির

প্রতীকী চিত্র

ভোটার দিন ঘোষণার পরেই সোমবার রাজ্যের একাধিক জেলায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। সোমবার শিলিগুড়ির ৬-৭টি জায়গায় তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, তিনটি পৃথক মামলায় এই অভিযান চালায় ইডি। অবৈধ কলসেন্টার, সোনা পাচার এবং একটি চিটফান্ড মামলায় অভিযানে চালানো হয় বলে জানা গিয়েছে।

এদিন সকালে হাকিমপাড়ার অতুলপ্রসাদ সরণি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন থাকতে দেখা যায়। হঠাৎ করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপস্থিতি গোটা এলাকায় কৌতূহলের পরিবেশ তৈরি করে। আশপাশের বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন। ক্ষুদিরাম পল্লি এলাকায় স্বপনের সোনার দোকান।

তাঁর ব্যবসা সংক্রান্ত কিছু নথি, তথ্য ইত্যাদি খতিয়ে দেখা হয় বলে খবর। তদন্তকারী আধিকারিকেরা বাড়ির ভিতর বেশ কিছু সময় ধরে তল্লাশি চালান। অভিযানের সময় নিরাপত্তার জন্য বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি স্থানীয় পুলিশও পরিস্থিতির উপর নজর রাখে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে। তারপর শিলিগুড়ির নয়াবাজার, আশ্রমপাড়া, খালপাড়াতেও অভিযান চালায় ইডি।


অন্যদিকে, গত কয়েক বছরে শহরে গজিয়ে উঠেছে বেশ কিছু কলসেন্টার। তাদের বেশির ভাগেরই বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশি অভিযানে বেশ কয়েকটি কলসেন্টার বন্ধও হয়ে গিয়েছে। ওই কলসেন্টারগুলির টাকা কোথায় কোথায় ব্যবহার হত এবং কারা কারা সংস্থাগুলির সঙ্গে জড়িত, তারই খোঁজ নিচ্ছে ইডি। নির্বাচনের আগে ইডির এই সক্রিয়তা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এদিন শিলিগুলির একাধিক এলাকায় এই অভিযানে শোরগোল পড়ে যায় এলাকায়।