রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো নাম অন্তর্ভুক্তির অভিযোগে চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। চলতি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মধ্যে এই নির্দেশ ঘিরে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কমিশন রাজ্য সরকারকে আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করে পদক্ষেপ নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের গাফিলতি লক্ষ্য করেছে কমিশন। সেই কারণেই এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত চার আধিকারিকের মধ্যে দু’জন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত। তাঁরা হলেন নির্বাচনী নিবন্ধন আধিকারিক দেবত্তম দত্ত চৌধুরী এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক তথাগত মণ্ডল। অন্য দুই আধিকারিক পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন আধিকারিক বিপ্লব সরকার এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক সুদীপ্ত দাস।
অভিযোগ, ভোটার তালিকায় অনিয়ম এবং ভুয়ো নাম অন্তর্ভুক্তির ঘটনায় তাঁদের ভূমিকা ছিল। গত বছরের আগস্ট মাসেই কমিশন রাজ্য সরকারকে ওই চার আধিকারিককে বরখাস্ত করা এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল। যদিও রাজ্য সরকার তাঁদের বরখাস্ত করলেও মামলা দায়েরের পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।
এদিকে, এই নির্দেশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কমিশনের ভূমিকার সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, কমিশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে এবং রাজ্য সরকারের কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে কমিশনের নতুন নির্দেশ রাজ্য প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।